স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। গতকাল সোমবার দুপুরে স্টেশন এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তি ‘হামিদ’ নামে পরিচিত ছিলেন। তিনি দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে মোমিনপুর রেলস্টেশনের প্রাচীরসংলগ্ন স্থানে ডালপালা দিয়ে তৈরি ছোট একটি ঘরে বসবাস করতেন। এলাকায় বিভিন্ন কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা খায়রুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরেই ওই ব্যক্তি সেখানে বসবাস করছিলেন। কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং তাকে চিকিৎসকের কাছেও নেওয়া হয়েছিল। সোমবার সকালে কয়েকজন স্থানীয় ব্যক্তি তার ঘরের সামনে গিয়ে কোনো সাড়াশব্দ না পেয়ে বিষয়টি পুলিশকে জানায়।
স্থানীয় আরও কয়েকজন জানান, কয়েক মাস আগে তাকে কুকুরে কামড় দিয়েছিল। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলেও তেমন উন্নত চিকিৎসা পাননি। প্রাথমিক চিকিৎসার পর আবার তাকে সেই কুড়ে ঘরেই ফিরিয়ে আনা হয়। এরপর থেকে তিনি অসুস্থ অবস্থায় সেখানে বসবাস করছিলেন।
এলাকাবাসী জানান, ওই ব্যক্তি কখনো নিজের পূর্ণ পরিচয় প্রকাশ করতেন না। শুধু ‘হামিদ’ নামেই পরিচয় দিতেন। তার বাড়ি কোথায় কিংবা পরিবারের সদস্য কারা এ বিষয়ে কাউকে কোনো তথ্য দেননি।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ঝিনাইদহ থেকে পিবিআইয়ের একটি দল এসে মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চালায়। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জগদীশ জানান, মৃত ব্যক্তির পায়ে ক্ষতচিহ্ন রয়েছে।



