স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল। গতকাল সোমবার সকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং হাসপাতালের সার্বিক সেবার মান, অবকাঠামোগত সমস্যা ও চিকিৎসা ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে তিনি চিকিৎসকদের ডিউটি টাইম যথাযথভাবে পরিচালনা এবং রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় সাংবাদিক ও উপস্থিত রোগী স্বজনদের উদ্দেশ্যে এমপি মাসুদ পারভেজ রাসেল বলেন, “সারাদেশের মতো চুয়াডাঙ্গা সদর হাসপাতালও নানা সমস্যায় জর্জরিত। হাসপাতালের আইসিইউ ইউনিট প্রস্তুত থাকলেও প্রয়োজনীয় অতিরিক্ত প্রশিক্ষিত জনবল না থাকায় সেটি এখনো চালু করা সম্ভব হয়নি। এছাড়া ওষুধের স্বল্পতা রয়েছে।”
হাসপাতালের বিভিন্ন অবকাঠামোগত সমস্যা সমাধানে নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। নষ্ট ফ্যান, বাথরুমসহ অন্যান্য সমস্যা পর্যায়ক্রমে সমাধানের কাজ চলছে। তিনি বলেন, “জনগণের কাছে আহ্বান থাকবে, হাসপাতালসংক্রান্ত যেকোনো সমস্যা আমাদের জানাবেন। আমরা একদিনে সব সমস্যার সমাধান করতে না পারলেও ধাপে ধাপে সমাধানের চেষ্টা করবো।”
“চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসক ও সেবিকার সংকট রয়েছে। এই সীমাবদ্ধতার মধ্যেও চিকিৎসক ও নার্সরা রোগীদের সেবা দিতে আপ্রাণ চেষ্টা করছেন। আমি হাসপাতালের সকল ইউনিটের চিকিৎসক, তত্ত্বাবধায়ক ও আবাসিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস, শিশু কনসালটেন্ট ডা. মাহবুবুর রহমান মিলন, জেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার, পৌর জামায়াতের সেক্রেটারি মোস্তফা কামাল, ২ নম্বর ওয়ার্ড সভাপতি নুরুজ্জামান, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি দেলোয়ার হোসেন, সদর উপজেলা সেক্রেটারি মাওলানা সজিবুল ইসলাম প্রমুখ।



