দর্শনায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় রুহুল আমিন

দর্শনা অফিস
চুয়াডাঙ্গা-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মোঃ রুহুল আমিন বলেছেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় গণমাধ্যমের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সাহসিকতার সঙ্গে পরিবেশন করে সাংবাদিকরা সমাজের অসঙ্গতি তুলে ধরেন এবং জবাবদিহিমূলক রাষ্ট্র নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা এবং মানবাধিকার প্রতিষ্ঠায় স্বাধীন গণমাধ্যমের বিকাশ অপরিহার্য। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। গতকাল রবিবার বিকেল ৫টায় দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির উদ্যোগে প্রেসক্লাব ভবনে আয়োজিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রাসঙ্গিক আলোচনায় রুহুল আমিন দর্শনার সাংবাদিকদের ঐক্যবদ্ধ অবস্থানের প্রশংসা করেন। তিনি বলেন, অতীতে প্রতিকূল সময়ে দর্শনা প্রেসক্লাবে কথা বলার সুযোগ দেওয়ায় জামায়াতের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আমি এমপি নয়, আপনাদের সহযোগী ভাই হতে চাই।
তিনি দর্শনার উন্নয়নে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বলেন, ভৌগলিক গুরুত্ব বিবেচনায় দর্শনাকে স্থলবন্দর হিসেবে গড়ে তোলার ব্যাপারে তিনি আশাবাদী। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হয়েছে। দর্শনা পুরাতন স্টেশন থেকে ঢাকা রুটে ট্রেন চালুর বিষয়ে রেলমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া দর্শনাকে উপজেলায় উন্নীত করা, ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল স্থাপন, মাদক নিরাময়ে রিহ্যাব সেন্টার চালু এবং কেরু কোম্পানিতে উৎপাদন বৃদ্ধি করে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। দর্শনা প্রেসক্লাবের নতুন ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাসও দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরু, মোঃ জাহিদুল ইসলামসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ। অন্যান্য বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি পেশাগত নীতিমালা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে দর্শনা-মুজিবনগর সড়কে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।