জীবননগর হরিহরনগরে বসতভিটার জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

জীবননগর অফিস
জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামে জিয়াউর রহমান (৪৬) নামের এক ব্যক্তির বসতবাড়ির জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় তিনি জীবননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ভুক্তভোগী জিয়াউর রহমান সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের মসজিদপাড়ার নিহার উদ্দিনের ছেলে। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের মৃত তাহাজ্জত আলীর ছেলে রবজেল হোসেন (৬০), তার স্ত্রী ইমেলা খাতুন (৫২), ছেলে আরিফুল ইসলাম (৪৩)সহ আরও কয়েকজন গত ২৯ এপ্রিল জিয়াউর রহমানের বসতবাড়ির জমি জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এ সময় তারা বাড়ির সীমানা বেড়া ভেঙে দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ওইদিন দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে জিয়াউর রহমান বাড়িতে না থাকার সুযোগে তার স্ত্রী আরজিনা খাতুন বাধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে মারধরের হুমকি দেয়। একই সঙ্গে জিয়াউর রহমানকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। নিরাপত্তা চেয়ে চারজন সাক্ষীর নাম উল্লেখ করে তিনি জীবননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানিয়েছেন।
জীবননগর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সোলায়মান সেখ বলেন, হরিহরনগরে জমিজমা নিয়ে প্রতিবেশীদের মধ্যে বিরোধের একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।