দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলায় এক হতদরিদ্র কৃষকের দুই মাঠে পরিকল্পিত ভাবে দেড় বিঘা জমির ফলন্ত পেঁপে বাগান রাতের আঁধারে কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর। ভুক্তভোগী কৃষক ইসরাফিল হোসেন (৫৪) উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত বরকত মন্ডলের ছেলে। তিনি উপজেলার গোবিন্দপুর নিমতলা ও বড়গালা মাঠে লিজ নেওয়া জমিতে পেঁপে চাষ করেন।
জানা গেছে, উপজেলার হাউলী ইউনিয়নের গোবিন্দপুর নিমতলার মাঠে ১০ কাঠা এবং বড়গালা মাঠে ১ বিঘা, মোট দেড় বিঘা জমিতেই ছিল তার পেঁপে বাগান। নিজের কোনো আবাদি জমি না থাকায় অন্যের জমি বন্ধক নিয়ে এই চাষাবাদ করছিলেন তিনি।
ইসরাফিল জানান, গত শনিবার বিকাল ৫টার দিকে তিনি বাগান ঘুরে দেখেন, তখন সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু পরদিন গতকাল রবিবার সকাল ৭টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পান, তার পুরো পেঁপে বাগান কেটে নষ্ট করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন, ফলন্ত গাছগুলো নির্মমভাবে কেটে ফেলে দেওয়া হয়েছে। স্থানীয়দের দাবী দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এবিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দামুড়হুদায় কৃষকের ফলন্ত পেঁপে বাগান কেটে দিয়েছে দূর্বৃত্তরা



