জীবননগর অফিস
জীবননগরে ফুল শিল্পের বিভিন্ন সমস্যা ও ভবিষ্যৎ করণীয় বিষয়াদি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জীবননগর উপজেলা ফুল চাষী ও ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে গত শুক্রবার বিকালে জীবননগর অ্যাসেম্বল সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি ও শাহাবাগ ফুল মার্কেটের সভাপতি শ্রী বাবুল প্রসাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ও আগারগাও ফুল মার্কেটের সভাপতি এনামুল হোসেন, শাহাবাগ ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুনছুর আলম চৌধুরী, সহ-সভাপতি মিজানুর রহমান সাগর। আরও উপস্থিত ছিলেন ফুল ব্যবসায়ী নেতা সাইফুল ইসলাম মোল্লা, সোহেল রানা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রাজধানী ঢাকার গাবতলী ভেড়ি বাধে সম্প্রতি যে ফুল মার্কেটটি চালু করা হয়েছে তা ফুলব্যবসায়ীদের যাতায়াত সমস্যা ও সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। এ কারণে রাজধানীর সুবিধা জনক একটি স্থানে একটি ফুল মার্কেট তৈরির জন্য সকলের মতামত প্রয়োজন। তা না হলে ফুল চাষী ও ব্যবসায়ীরা আর্থিক ভাবে ক্ষতির সম্মুখিন হবেন। সেই সাথে ফুল শিল্প ধ্বংসের দিকে ধাবিত হবে। মতবিনিময় সভায় জীবননগর উপজেলা ফুল চাষী ও ব্যবসায়ী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা ফুল চাষী ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম ডিটু।
জীবননরে ফুল চাষী ও ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত



