আলমডাঙ্গা অফিস
খাদিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রদল নেতাকে অবরুদ্ধ করে রাখা ও নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় আলমডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল। গতকাল বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে আলমডাঙ্গা শহরের প্রধান সড়কে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পৌর ও বিভিন্ন কলেজ শাখার ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী অংশ নেন।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিথা। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক চৌধুরী জাহাঙ্গীর আলম বাবু, পৌর যুবদলের আহ্বায়ক নাজিম মোল্লা, যুগ্ম আহ্বায়ক আব্দুর কাদের এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহমেদ।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল ইমরান রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসনাত রিংকু ও সদস্য সচিব মাহমুদুল হক তন্ময়সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিথা অভিযোগ করেন, খাদিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস ছাত্রদল নেতাকে অবরুদ্ধ করে রাখেন এবং পরবর্তীতে ফোন করে তার সমর্থকদের ডেকে এনে নেতাকর্মীদের ওপর হামলা চালান। এ সময় অস্ত্র প্রদর্শন ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটে বলে দাবি করা হয়। হামলায় উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা এবং কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইফ ধারালো অস্ত্রের আঘাতে আহত হন বলে জানানো হয়।
খাদিমপুর ইউপিতে ছাত্রদল নেতাকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে আলমডাঙ্গায় ছাত্রদলের বিক্ষোভ



