আলমডাঙ্গার অনুপনগরে ক্লাস ফাঁকি দিয়ে ঘুমের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার অনুপনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে ক্লাস বাদ রেখে অফিস কক্ষে ঘুমানোর অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দুপুরে তাঁর ঘুমানোর কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, স্কুল চলাকালীন সময়ে মাঝেমধ্যে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের ক্লাস না নিয়ে অফিস কক্ষে ঘুমিয়ে সময় কাটান। গতকাল মঙ্গলবার তাঁকে নিজ অফিস কক্ষে চেয়ারে বসে ঘুমাতে দেখা যায়। ওই সময়ের কয়েকটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। এদিকে, এর আগেও ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মারধরের অভিযোগ ওঠে। অভিভাবকদের ভাষ্য, গত ১১ এপ্রিল স্কুল চলাকালে তেলাপোকা দেখে ভয় পেয়ে চিৎকার করে ওঠে কয়েকজন ছাত্রী। এতে ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষক তাঁদের মারধর করেন। ওই ঘটনার প্রতিবাদে সেদিন রাতেই অভিভাবকেরা স্কুল প্রাঙ্গণে জড়ো হয়ে প্রধান শিক্ষকের বিচারের দাবি জানান। তবে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তারা।
অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষক উগ্র মেজাজের এবং কারণ ছাড়াই শিক্ষার্থীদের মারধর করেন। তিনি নিয়মিত দেরিতে স্কুলে আসেন এবং অনেক সময় ক্লাস শেষ হওয়ার আগেই চলে যান। প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুসের বক্তব্য জানতে চেষ্টা করা হলে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীদ্র কুমার মন্ডল বলেন, অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।