জীবননগরে বৈরী আবহাওয়ায় পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় চাষিরা

জীবননগর অফিস
জীবননগর উপজেলায় দিগন্তজুড়ে ফসলের মাঠ এখন সোনালি পাকা বোরো ধানে ভরে উঠেছে। ধানের ফলন ভালো হলেও বৈরী আবহাওয়ার কারণে পাকা ধান কাটা, মাড়াই ও শুকানো নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। মাঠের অধিকাংশ ধান কাটার উপযুক্ত হয়ে গেলেও টানা ঝড়-বৃষ্টি ও অনুকূল আবহাওয়ার অভাবে কৃষকরা ধান কাটতে পারছেন না। যারা ইতোমধ্যে ধান কেটে মাঠে রেখেছেন, তারাও ক্ষতির আশঙ্কায় উদ্বিগ্ন সময় পার করছেন। উপজেলার উথলী ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, সাম্প্রতিক ঝড়-বৃষ্টিতে অনেক বোরো ধান মাটিতে লুটিয়ে পড়েছে। নিচু জমিতে কেটে রাখা ধান পানিতে ভেসে যাচ্ছে। অনেক কৃষক বাধ্য হয়ে কেটে রাখা ধানের শীষের আগা কেটে বাড়িতে নিয়ে যাচ্ছেন।
উথলী গ্রামের কৃষক শুকুর আলী বলেন, দুইদিন আগে রোদ দেখে ধান কেটে রেখেছিলাম। এখন ইন্টারনেটে আবহাওয়ার খবর দেখে জানতে পারছি আরও কয়েকদিন এমন আবহাওয়া থাকবে। তাই ধানের আগা কেটে বাড়িতে নিচ্ছি। এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে।
আরেক কৃষক সাজ্জাদ হোসেন বলেন, মাঠের ধান পেকে কাটার উপযুক্ত হয়েছে। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে কাটতে পারছি না। ধান বেশি পেকে গেলে ঝরে পড়ে এবং ফলন কমে যায়। তাদের মতো উপজেলার অনেক কৃষক বৈরী আবহাওয়ার কারণে মাঠে পাকা ধান রেখে নির্ঘুম রাত কাটাচ্ছেন। আকাশে মেঘ দেখলেই কৃষকদের কপালে চিন্তার ভাঁজ পড়ছে।
জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন জানান, এ বছর উপজেলায় মোট ৭ হাজার ২৬২ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। এখনো পুরোদমে ধান কাটা শুরু হয়নি। ৮০ শতাংশ ধান পেকে গেলে তা কেটে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে কৃষকদের ধান কাটা ও মাড়াই করতে সমস্যা হচ্ছে। কৃষকদের নিয়মিত আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে সার্বক্ষণিক সহযোগিতা করা হচ্ছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।