তিতুদহ প্রতিনিধি
চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব ধরিত্রী দিবস। “আমাদের শক্তি, আমাদের গ্রহ” প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ সংরক্ষণ ও প্রকৃতি রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভ। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নয়ন কুমার রাজবংশী, কলেজের অধ্যক্ষ মো. আব্দুস সাত্তার, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নাঈম ইসলাম এবং চুয়াডাঙ্গা সদর বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের আতা এলাহী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আহসান হাবীব শিপলু। সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের শিক্ষক রুহুল আমিন।
আলোচনা সভায় বক্তারা বলেন, পৃথিবী ধ্বংসের জন্য মানুষের অতি ভোগবাদী মনোভাবই প্রধানত দায়ী। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ভোগ ও লোভের কারণে প্রকৃতি আজ মারাত্মক হুমকির মুখে। তারা উল্লেখ করেন, পৃথিবীর ‘কিডনি’ হিসেবে পরিচিত জলাভূমির প্রায় ৬৪ শতাংশ ইতোমধ্যে বিলুপ্ত হয়ে গেছে। একইসঙ্গে জেলার নদ-নদীর অবস্থা ও বাস্তুতন্ত্রের অবনতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান বলেন, পৃথিবীর গুরুত্ব আমরা দেরিতে অনুধাবন করেছি, ততদিনে প্রকৃতির অনেক ক্ষতি হয়ে গেছে। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। বিশেষ করে ঘরের বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জৈব বর্জ্য গর্তে সংরক্ষণ করলে তা পরিবেশ দূষণ কমাবে এবং জৈব সার হিসেবে ব্যবহার করা যাবে।
সভাপতির বক্তব্যে আহসান হাবীব শিপলু বলেন, চুয়াডাঙ্গাসহ আশপাশের জেলাগুলোতে তাদের সংগঠন পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করছে। তিনি জানান, অতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার এবং প্লাস্টিকের ক্রমবর্ধমান ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি বাজারে যাওয়ার সময় নিজস্ব ব্যাগ ব্যবহারের মাধ্যমে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কমানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন জিসান শেখ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য পিয়াস, রিয়াদ, সাব্বির, ফারদিন, সিফাত, স্বপনসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, তিতুদহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা।
উল্লেখ্য, বিশ্বের ১৯৩টি দেশে প্রতি বছর ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয়। এই দিবসের মাধ্যমে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় মানুষকে সচেতন ও পরিবেশবান্ধব জীবনযাপনে উদ্বুদ্ধ করা হয়।
পরিবেশ রক্ষায় সচেতনতার আহ্বান জানিয়ে চুয়াডাঙ্গায় বিশ্ব ধরিত্রী দিবস পালিত



