চুয়াডাঙ্গায় নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
‘নানা সংকটে আটকে আছে চুয়াডাঙ্গা জেলা। মাথাভাঙ্গা বেদখল করেছেন অনেকে। রেলওয়ে ওভারপাস থমকে আছে। হাসপাতালে চিকিৎসা নেই। আবুল হোসেন স্মৃতি পাঠাগার এখন বন্দী। এসব ছাড়াও আরো অনেক অনিয়ম-অবহেলা আমাদের আটকে রেখেছে। আমরা চাই, সবকিছুর সমাধান হোক, সংকট কেটে যাক চুয়াডাঙ্গাবাসির জীবন থেকে।’
চুয়াডাঙ্গা নাগরিক কমিটির সভায় উপরোক্ত মন্তব্য করেন কমিটির সভাপতি তৌহিদ হোসেন। তিনি বলেন, চুয়াডাঙ্গার মানুষকে সঙ্গে নিয়ে চুয়াডাঙ্গা নাগরিক কমিটি এসব বিষয় নিয়ে মানববন্ধন লিফলেট বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে। আগামি রবিবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে হবে মানববন্ধন। তার আগে সব শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করার জন্য লিফলেট বিতরণ করা হবে চুয়াডাঙ্গায়।
গতকাল সোমবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা শহরের শেখপাড়ায় নাগরিক কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তৌহিদ হোসেন। সভা সঞ্চালন করেন কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ সেলিম। আলোচনায় অংশ নেন আবুল কাশেম, মোঃ শাফায়েতুল ইসলাম, লিটু বিশ্বাস, আবু বক্কার, আছির উদ্দিন কলম, লাবলুর রহমান, অ্যাডভোকেট কাইজার হোসেন জোয়ার্দ্দার, অধ্যক্ষ শাহজাহান আলী বিশ্বাস, তাইসান হাবীব, মানিক আকবর ও রেজাওয়ানুর রহমান।  বক্তারা বলেন, আমরা জেলাবাসিকে ঐক্যবদ্ধ করে আমাদের নানা সমস্যা সংকট নিয়ে কথা বলবো। প্রয়োজনীয় উদ্যোগ নেব। ফুটপাত মুক্ত করতে চাই। আমরা চিকিৎসার নিশ্চয়তা চাই।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।