জুড়ানপুরে অবৈধভাবে ডিজেল মজুদ করায় জরিমানা

দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামে অবৈধভাবে ডিজেল মজুদ রাখার অপরাধে আয়ুবুর রহমান (৬২) নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার কাছ থেকে প্রায় ৩ শত লিটার ডিজেল জব্দ করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে জুড়ানপুর ক্লাব মোড় এলাকায় অভিযান চালিয়ে ডিজেল জব্দ ও জরিমানা করা হয়। অভিযুক্ত ব্যক্তি আয়ুবুর রহমান জুড়ানপুর গ্রামের মৃত আজাবর আলির ছেলে আয়ুবুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহিন আলম। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে ডিজেল মজুদের গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় সত্যতা পাওয়ায় ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পেট্রোলিয়াম আইন ২০১৬-এর ২০(৯) ধারায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে জরিমানা করা হয়। এদিকে স্থানীয় কৃষকেরা জব্দকৃত ডিজেল সরকারি মূল্যে বিক্রির দাবি জানিয়েছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহিন আলম জানান, অবৈধভাবে ডিজেল মজুদ রাখার অপরাধে জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত প্রায় ৩ শত লিটার ডিজেল পরদিন উপজেলা চত্বরে প্রকৃত কৃষকদের মাঝে সরকারি মূল্যে বিক্রি করা হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।