দামুড়হুদা অফিস
দামুড়হুদায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে একটি এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেল ৩টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহা. মশিউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উবায়দুর রহমান সাহেল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সারা দেশে একযোগে ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। এ কার্যক্রম সফল করতে তিনি শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক প্রচার-প্রচারণা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. মহিব্বুল্লাহ, ডা. আলমগীর হোসেন, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামছুজোহা পলাশ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান, একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, টিকাদান সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা।
সভায় জানানো হয়, এবার দামুড়হুদা উপজেলায় ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১টি স্থায়ী এবং ১৬৮টি অস্থায়ী কেন্দ্রে একযোগে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। আজ সোমবার থেকে শুরু হওয়া তিন সপ্তাহব্যাপী এ ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ২৩ হাজার ৫৫৬ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
দামুড়হুদায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত



