দর্শনা অফিস
দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের সাড়াবাড়িয়া গ্রামে বাড়ির আঙিনায় গর্তের পানিতে ডুবে মাহিন নামে ৬ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিখোঁজের একদিন পর গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে নিজ বাড়ির আঙিনায় আবর্জনার গর্ত থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাহিন দামুড়হুদা উপজেলার সড়াবাড়িয়া গ্রামের মামুন আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত রবিবার বিকাল থেকে মাহিনকে পরিবারের সদস্যরা খুঁজে পাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর সোমবার সকালে বাড়ির পাশের একটি আবর্জনার গর্তের নিকট মাহিনের স্যান্ডেল পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। এরপর গর্ত তল্লাশি করে তার লাশ উদ্ধার করা হয়। মাহিনের পিতা মামুন আলী জানান, গত রবিবার বিকালে ঘর থেকে খেলা করার উদ্দেশ্যে বের হয় মাহিন। এরপর তার আর কোন সন্ধান মেলেনি। খোঁজাখুঁজির একপর্যায়ে আজ সোমবার সকালে বাড়ির পাশের গর্ত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খেলা করার সময় অসাবধানতা বশত গর্তের ডোবায় পড়ে মাহিনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
দর্শনার সড়াবাড়িয়ায় নিখোঁজের একদিন পর গর্তের পানি থেকে শিশুর মরদেহ উদ্ধার



