চুয়াডাঙ্গায় এম এস মাদানী এন্টারপ্রাইজ ও ট্রাফিক বিভাগের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় অত্যন্ত আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এম এস মাদানী এন্টারপ্রাইজ এবং জেলা ট্রাফিক বিভাগের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টায় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি মাঠে এই খেলার আয়োজন করা হয়। ম্যাচের শুরুতে টসে জিতে এম এস মাদানী এন্টারপ্রাইজের অধিনায়ক সাজ্জাদুর রহমান সাজু প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ব্যাটিংয়ে নেমে ট্রাফিক বিভাগ নির্ধারিত ১৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৬ রানের একটি চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়। ১৩৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে এম এস মাদানী এন্টারপ্রাইজ বেশ রোমাঞ্চকর লড়াই উপহার দেয়। শেষ পর্যন্ত ১৫.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা জয়ের বন্দরে পৌঁছে যায়। দলের জয়ে এবং বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ৫টি উইকেট শিকার করে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন মাদানী এন্টারপ্রাইজের অধিনায়ক সাজ্জাদুর রহমান সাজু। খেলা শেষে এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার অনির্বাণ, এম এস মাদানী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইকবাল মাহমুদ টিটু, ট্রাফিক ইনচার্জ (প্রশাসন) আমিরুল ইসলাম, ইউনিলিভারের এরিয়া ম্যানেজার মতিউর রহমান, সার্জেন্ট নবাবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা এ ধরনের আয়োজনের প্রশংসা করে বলেন, পেশাগত ব্যস্ততার মাঝে এ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শরীর ও মনকে সতেজ রাখে এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।