মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনীতে অবাধে চলছে খোলা বাজারে অতিরিক্ত দামে ডিজেল বিক্রি। গতকাল শুক্রবার সন্ধ্যার পর থেকে গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশের বজলু স্টোরের স্বত্বাধিকারীর বিরুদ্ধে অভিযোগ করেন ভুক্তোভোগীরা। একাধিকবার বিষয়টি জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহন করেননি উপজেলা প্রশাসন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোক্তারা, বিশেষ করে প্রান্তিক কৃষক ও ডিজেল চালিত লোকাল গাড়ির চালকরা।
জানা গেছে, শুক্রবার বিকাল থেকে গাংনী শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত বজলু স্টোরে প্রতি লিটার ডিজেল ১২০ টাকা দরে বিক্রি করতে দেখা যায়। যেখানে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে খোলা বাজারে জ্বালানী বিক্রয় নিষিদ্ধ। তারপরেও সেখানে নির্ধারিত মূল্যের চেয়ে উল্লেখযোগ্য পরিমাণ বেশি দামে জ্বালানি তেল ডিজেল বিক্রি করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিজেল কিনতে আসা একাধিক ভুক্তভোগী জানান, স্থানীয় ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী ডিজেল চালিত সেচপাম্প ও লোকাল পরিবহনের চালকরা জ্বালানি তেল না পাওয়ায় বাধ্য হয়ে তারা বেশি দামেই সেখান থেকে ডিজেল কিনছেন। অনেকেই অভিযোগ করে বলেন, ফিলিং স্টেশনে ডিজেল নেই, আবার যেখানে পাওয়া যাচ্ছে সেখানে বেশি দামে কিনতে হচ্ছে। এতে আমাদের উৎপাদন খরচ বাড়ছে।
বিশেষ করে বোরো মৌসুমে সেচের জন্য ডিজেলের উপর নির্ভরশীল কৃষকরা পড়েছেন চরম বিপাকে। অতিরিক্ত দামে জ্বালানি কিনতে গিয়ে তাদের লাভের আশা অনেকটাই কমে যাচ্ছে। একইসঙ্গে পরিবহন খাতেও এর প্রভাব পড়ছে।
স্থানীয়দের অভিযোগ, বজলু স্টোরে দীর্ঘদিন ধরেই এভাবে অবৈধভাবে ডিজেল বিক্রি হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এতে করে অসাধু ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে উঠতে পারে। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বজলু স্টোরের কেউ।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন বলেন, এমন একটা খবর পেয়েছি, বিষয়টি আমি দেখবো।
গাংনীতে অতিরিক্ত দামে ডিজেল বিক্রির অভিযোগ



