জীবননগর অফিস
জীবননগর উপজেলায় পাড়ায় মহল্লায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে মাংসের সমিতি। কেউ আবার এটাকে গোস্তের সমিতি বা গরুর সমিতি বলে থাকে। আজ থেকে কয়েক বছর আগেও এই সমিতির নাম শোনা যায় নি। কিন্তু এখন বিশেষকরে গ্রামাঞ্চলে এটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। সাধারণত পবিত্র ঈদুল ফিতরের আগে আর্থিক চাপ কমাতে এই এলাকার সব শ্রেণী পেশার মানুষ সমিতির সাথে যুক্ত হচ্ছে। নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষেরা অল্প অল্প করে নির্ধারিত একজন ব্যক্তির কাছে টাকা জমিয়ে রাখে। পবিত্র ঈদুল ফিতরের আগে নিজেদের পছন্দের মত গরু কিনে জবেহ করে মাংস ভাগাভাগি করে নেয়। সাধারণ ৪০/৫০ জন সদস্য মিলে এই সমিতি গঠন করে। প্রতি সপ্তাহে একশো টাকা করে জমা দিয়ে বছর শেষে পাঁচ হাজার দুইশো টাকা জমা রাখে। এই টাকা দিয়ে ৮/৯ কেজি গরুর মাংস ভাগে পেয়ে পরিবারের সদস্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয় তারা।
এই সমিতির সদস্য পাখিভ্যান চালক তরিকুল ইসলাম বলেন, ঈদ আসলেই নিজেদের ও বাড়ির ছেলেমেয়েদের জামাকাপড় কেনা, সংসারের অন্যান্য খরচ করে গরুর গোস্ত কেনার টাকা থাকে না। এজন্য আমি এই সমিতিতে নাম লিখিয়েছিলাম। ভ্যানের ভাড়া থেকে প্রতি শুক্রবার একশো টাকা করে জমা রেখে এক বছরে ৫ হাজার দুইশো টাকা জমা হয়েছে। আমি ভাগের ভাগ ৮ কেজি গোস্ত পেয়েছি।এছাড়াও গরুর ভুঁড়ি ও পা আলাদা করে ভাগ পেয়েছি। বর্তমান বাজারে ৮ কেজি গোস্তের মূল্য ছয় হাজার টাকার উপরে। এতো টাকা দিয়ে গোস্ত কেনা আমার পক্ষে সম্ভব ছিলো না। এখন সমিতি থেকে যে গোস্ত পেয়েছি সেটা দিয়ে পরিবারের সদস্যদের নিয়ে খুব ভালো ভাবে ঈদ আনন্দ উপভোগ করতে পারবো।
একটি সমিতির তত্বাবধানকরী নাজমুল হক, মাংসের সমিতি করা একদিকে যেমন ঈদের আগে আর্থিক চাপ কমিয়ে দেয় তেমনি অনেকটা লাভজনকও বটে। বাজারে এখন গরুর গোস্তের কেজি ৭৫০-৭৮০ টাকা। সমিতির মাধ্যমে গরু কিনে প্রতি কেজি গোস্তের দাম পড়ে ছয়শত থেকে সাড়ে ছয়শত টাকা। এছাড়াও বাজারের কসাইয়ের কাছ থেকে গোস্ত কিনলে কেমন গরুর গোস্ত দিবে জানিনা তবে এখানে আমরা যাচাই-বাছাই করে ভালো গরু নির্বাচন করে ক্রয় করি।ঈদের আগে কসাইয়ের কাছ থেকে মাংস কিনতে গেলে অনেক ভিড় লেগে যায় তারা দামও বাড়িয়ে দেয় আবার আমরা পছন্দমত মাংস নিতে পারি না। এই সমিতির ফলে সামাজিক ঐক্য ও সম্প্রীতি বজায় রেখে সবাই একত্রিত হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে। ঈদ শেষ হয়ে গেলে আবার নতুন করে শুরু হবে সমিতির কার্যক্রম।
জীবননগরে পাড়া-মহল্লায় জনপ্রিয় হয়ে উঠেছে মাংসের সমিতি



