দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ওবায়দুর রহমান সাহেল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নীলিমা আক্তার হ্যাপি, উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির নায়েব আলী, দামুড়হুদা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মামুনুর রশীদসহ উপজেলার বিভিন্ন ঈদগাহ কমিটির সভাপতি সাধারণ সম্পাদক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। সভায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার।
সভায় ঈদের জামাত সুষ্ঠুভাবে আয়োজন, ঈদগাহ মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং সড়ক দুর্ঘটনা এড়াতে ঈদের দিন মোটরসাইকেল চলাচলের ওপর নজরদারি বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে অপ্রয়োজনীয় আলোকসজ্জা না করার জন্য ঈদগাহ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের প্রতি আহ্বান জানানো হয়।
সভাপতি উপজেলা নির্বাহী অফিসার বলেন, একটি আনন্দঘন ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে ঈদ উদযাপনের জন্য সংশ্লিষ্ট সবাইকে সমন্বয় করে কাজ করতে হবে।
সভায় বক্তারা বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দামুড়হুদা উপজেলায় পবিত্র ঈদুল ফিতর আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করা সম্ভব।
দামুড়হুদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত



