আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় ভিজিএফের চাল বিতরণ

হাটবোয়ালিয়া প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ১নং ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে দুস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত ভিজিএফ কর্মসূচির মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন গ্রামের হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে এ চাল বিতরণ করা হয়।
ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান কার্ডধারীদের হাতে চাল তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। এ কর্মসূচির আওতায় ইউনিয়নের মোট ১ হাজার ৭৫৬ জন কার্ডধারীর মধ্যে প্রতি কার্ডে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান, ইউনিয়ন পরিষদের সচিব হেলাল উজ্জামান, ট্যাগ অফিসার কামরুজ্জামান, হাটবোয়ালিয়া ক্যাম্প ইনচার্জ এসআই মিজানুর রহমান, এএসআই সোহেল রানা, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, সরকারের এ ধরনের মানবিক সহায়তা কর্মসূচি হতদরিদ্র ও অসহায় মানুষের জন্য অত্যন্ত সহায়ক। এর মাধ্যমে দরিদ্র মানুষের ঈদের আনন্দ আরও বৃদ্ধি পায়।
এ সময় চেয়ারম্যান সোহানুর রহমান সোহান বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী প্রকৃত অসহায় ও হতদরিদ্র মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদ সবসময় কাজ করে যাচ্ছে। সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।