স্টাফ রিপোর্টার
‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারণ্যের বাংলাদেশ গড়ব’ এ শ্লোগানে চুয়াডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরে কোর্ট মোড় ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এ সময় জেলা প্রশাসক প্রশাসক কার্যালয় চত্বরে ফায়ার সার্ভিসের দুর্যোগ বিষয়ক প্রস্তুতি গ্রহন সম্পর্কে বিভিন্ন কলা কৌশল দেখানো হয়।
পরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন সভায় সভাপতিত্ব করেন। সিনিয়র সহকারী কমিশনার ও ভারপ্রাপ্ত জেলা ত্রাণ ও পুণর্বাসন কর্মকর্তা এসএম আশিষ মমতাজ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, অধ্যাপক সিদ্দিকুর রহমান, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওহিদুল ইসলাম, প্রত্যাশার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন, যুব সদস্য জাহাঙ্গীর আলম ও অষ্টম শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদৌস।
সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল, বিভিন্ন দপ্তরের সরকারি -বেসরকারি পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন,‘ দুর্যোগ কবলিত দেশ বাংলাদেশ। প্রশিক্ষণ যথেষ্ট। আগে ব্যবস্থা নিতে হবে সাপে যেন না কাটে। দুর্যোগ মোকাবেলা করবো না। দুর্যোগ যাতে না আসে সেটা চেষ্টা করবো। তাহলে এ দুনিয়ার মানুষের আচরণ পরিবর্তন করতে হবে। প্রয়োজনের অতিরিক্ত কিছু ভালো না। জানালা খুলে যদি কাজ হয়, তাহলে এসি চালানোর দরকার নেই। মানুষের ব্রেন প্লাষ্টিকে ভরে গেছে। বাইকে ২০ ভাগ ঘুরে প্রয়োজনে বাকী ৮০ ভাগ ঘুরে অপ্রয়োজনে।’
মেহেরপুর অফিস জানায়, “দূর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়বো” এ প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক ডঃ সৈয়দ এনামুল কবির। জেলা ফায়ার সার্ভিসের উপসহকারি পরিচালক সাকরিয়া হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম সহ ফায়ার সার্ভিসের সদস্য ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে মহড়া অনুষ্ঠিত হয়।
অগ্নিসংযোগ কিভাবে মোকাবেলা করতে হবে, অগ্নিদগ্ধ এলাকা থেকে কিভাবে মানুষকে বাঁচাতে হয় ও ভূমিকম্প হলে মানুষের করনীয় এসবের উপর মহড়া প্রদর্শিত হয়।
চুয়াডাঙ্গা-মেহেপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে শোভাযাত্রা ও আলোচনা



