স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাজার তদারকিমূলক অভিযানে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত সদর উপজেলার কোর্ট মোড় ও বড় বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, খাদ্যে নিষিদ্ধ উপাদান মিশ্রণের অপরাধে মো: রশিদুল হকের মালিকানাধীন ‘মেসার্স জমজম হোটেল’-কে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ইনসুলিন রাখায় মো: রফিকুল আলমের ‘রনক ড্রাগ হাউজ’-কে ১০ হাজার টাকা এবং পোকাযুক্ত বেগুন দিয়ে বেগুনি তৈরির দায়ে এ এম এম আরিফের ‘ভোজন বিলাস’ রেস্তোরাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল জানান, জরিমানা আদায়ের পাশাপাশি দ্রুততম সময়ে ত্রুটিগুলো সমাধান করে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও রমজান ঘিরে ফলের দোকান, গ্যাস সিলিন্ডার ও হোটেলগুলোতে তদারকি করা হয় যেন সাধারণ মানুষ মানহীন বা মেয়াদোত্তীর্ণ পণ্য কিনে প্রতারিত না হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, পৌর স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম এবং পুলিশের একটি টিম।
খাদ্যে নিষিদ্ধ উপাদান মিশ্রণের দায়ে চুয়াডাঙ্গার বড় বাজারে ভোক্তার অভিযানে ৩ দোকানীকে জরিমানা



