হাটবোয়ালিয়া প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া গ্রামে পটকা (বোমা সদৃশ আতশবাজি) তৈরি করতে গিয়ে বিস্ফোরণে তিন শিশু গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে একজনের হাতের কব্জি থেকে পাঁচটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রোববার (৮ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ভাংবাড়ীয়া গ্রামের মিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের আনন্দে কয়েকজন শিশু দিয়াশলাইয়ের বারুদ সংগ্রহ করে পটকা তৈরি করছিল। পরে নবনির্মিত একটি মসজিদের ছাদে তা ফোটানোর চেষ্টা করলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তিন শিশু গুরুতর আহত হয়।
আহতরা হলো—মিলপাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে রনক (১৩), উজ্জ্বল আলীর ছেলে হুচাইন (১০) এবং আমদ আলীর ছেলে আলমিয়া (১০)।
স্থানীয়রা জানান, বিস্ফোরণে রনকের হাতের কব্জি থেকে পাঁচটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রনকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়।
ঘটনার খবর পেয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তিনি বলেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও তিনি শিশুদের ঝুঁকিপূর্ণ খেলাধুলা ও আতশবাজি তৈরির বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
চুয়াডাঙ্গায় পটকা বিস্ফোরণে এক শিশুর পাঁচ আঙুল বিচ্ছিন্ন, দুই শিশু আহত



