হাটবোয়ালিয়া প্রতিনিধি
আলমডাঙ্গা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে বেল্টু মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল রবিবার বিকাল প্রায় ৩টার দিকে আলমডাঙ্গা উপজেলার বড়বোয়ালিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বেল্টু মিয়াকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ শত টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সম্প্রতি এলাকায় মাদক সেবন ও মাদক সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকাণ্ডের অভিযোগ পাওয়ায় প্রশাসন তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়। অভিযানের সময় বেল্টু মিয়াকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনার সময় হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মিজানুর রহমানসহ পুলিশের সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। পরবর্তীতে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকায় সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। প্রশাসনের এ ধরনের উদ্যোগ মাদকের অপব্যবহার রোধে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সাধারণ মানুষকে মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
আলমডাঙ্গার বড়বোয়ালিয়ায় মাদক সেবনের দায়ে বেল্টু মিয়ার ১০ দিনের কারাদণ্ড



