আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা থানা পুলিশের টানা মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ টাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়েছে। পৃথক তিনটি অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং একজন আসামি পালিয়ে গেছে। এ ঘটনায় তিনটি পৃথক মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টা ২০ মিনিটে আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের দুর্লভপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় শামসুল আলীর ছেলে মো. হুদা আলী (৩৮)-এর কাছ থেকে ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে হুদা আলী দৌড়ে পালিয়ে যায়।
একই দিন বিকাল সাড়ে ৪টায় আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের রুইতনপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ইউনুস আলীর ছেলে শুকুর আলী (৩৫)-কে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
অপরদিকে গতকাল মঙ্গলবার দুপুর ২টা ৪৫ মিনিটে আলমডাঙ্গা উপজেলার ১১ নম্বর নাগদাহ ইউনিয়নের বলিয়ারপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে হাসিবুলের ছেলে আলমগীর হোসেন (৩৫)-কে ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
আলমডাঙ্গায় টাপেন্টাডল ও গাঁজাসহ দুইজন গ্রেফতার



