দর্শনায় মুদি দোকানসহ একাধিক স্থানে দুঃসাহসিক চুরি

দর্শনা অফিস
দর্শনায় একই রাতে মুদি দোকানসহ একাধিক স্থানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। পরশু রোববার দিবাগত রাতে দর্শনা থানা সংলগ্ন এলাকাসহ বিভিন্ন স্থানে মোট চারটি চুরির ঘটনা ঘটে। চুরির শিকারদের মধ্যে ইসলাম বাজারের আজগার আলীর ছেলে, দর্শনা চটকাতলার মুদি ব্যবসায়ী আজাদ আলীর দোকানও রয়েছে। চোরেরা দোকানের সামনের তালা ভেঙে নগদ ১০ হাজার টাকা এবং সিগারেটসহ প্রায় ৬০ হাজার টাকার মালামাল নিয়ে যায়।
এছাড়া, গত শনিবার চটকাতলার একটি হোটেলের তালা ভেঙে একটি ব্যাটারি ও প্রয়োজনীয় মালামালসহ আনুমানিক ৫ হাজার টাকা চুরি করা হয়। একই এলাকায় ধানের শীষ প্রতীকের একটি নির্বাচনী অফিস থেকে সার্চলাইট ও বৈদ্যুতিক তার চুরির ঘটনাও ঘটেছে।
এদিকে, দর্শনা সরকারি কলেজে পরপর চার দিন চার দফায় চুরির ঘটনা ঘটেছে। কলেজপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে একের পর এক চুরি হলেও ভুক্তভোগীরা কার্যকর কোনো প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।
এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, চুরির সঙ্গে জড়িতরা মূলত হেরোইনসেবী। এ ঘটনায় বাবু ও শাহিনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।