নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে আজ চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ ৪ জেলা সফরে আসছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আজ সোমবার চুয়াডাঙ্গা-মেহেরপুর-কুষ্টিয়াসহ ৪ জেলা সফর করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার চুয়াডাঙ্গা সফরকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। চুয়াডাঙ্গার ঐতিহাসিক টাউন ফুটবল মাঠে তার আগমন উপলক্ষে প্রস্তুত করা হয়েছে বিশাল মঞ্চ।
দলীয় সুত্রে জানা গেছে, আজ সোমবার বিকাল সাড়ে ৪টায় জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। পৌনে এক ঘন্টাব্যাপী বক্ত্যব্যে তিনি আগামী নির্বাচনে দলের কর্মপরিকল্পনাসহ নানান বিষয় ভোটারদের সামনে তুলে ধরতে পারেন বলে জানা গেছে। আমিরে জামায়াত আজ সকাল ১০টায় হেলিকপ্টারযোগে কুষ্টিয়ায় জনসভায় এসে উপস্থিত হবেন। পরে বেলা ১২টায় মেহেরপুর জেলায় জনসভা শেষ করে দুপুরে চুয়াডাঙ্গা এসে পৌছাবেন। দুপুরের খাবার শেষে বিকাল সাড়ে ৪টায় তিনি টাউন ফুটবল মাঠের সমাবেশে বক্তব্য রাখবেন।
পরে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়ক পথে ঝিনাইদহে সমাবেশে যোগদান করবেন। ঝিনাইদাহ সফর শেষ করে রাতে  তিনি ঢাকায় ফিরবেন। ডা. শফিকুর রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জামায়াতে ইসলামীর নির্বাচনী অঙ্গীকার নিয়ে বক্তব্য রাখবেন। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করবেন।
এদিকে সফরকে সামনে রেখে গতকাল রবিবার বিকালে চুয়াডাঙ্গা পৌর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি স্বাগত মিছিল বের করা হয়। মিছিলটি শহরের টাউন ফুটবল মাঠ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এ ছাড়া জনসভাকে কেন্দ্র করে জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। জনসভা সফল করতে নির্বাচনী প্রচারণা কার্যক্রমও জোরদার করা হয়েছে।
জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাড. রুহুল আমিন বলেন, আমিরে জামায়াতের চুয়াডাঙ্গা আগমন উপলক্ষে সকল প্রস্তুতিতে মধ্যে সম্পন্ন হয়েছে। প্যান্ডেলের কাজে এর মধ্যেই শেষ হয়েছে। দেশের জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রত্যাশা করে। তারই ধারাবাহিকতায় জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছে। চুয়াডাঙ্গার জনসভা থেকে আমরা জনগণের অধিকার এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার বার্তা তুলে ধরব।
উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোবারক হোসাইন।  এছাড়াও বক্তব্য রাখবেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী ও চুয়াডাঙ্গা-১ আসনে সংসদ সদস্য প্রার্থী মাসুদ পারভেজ রাসেল, সহকারী সেক্রেটারী আব্দুল কাদের, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ ও উপজেলা নেতৃবৃন্দ। জনসভায় সভাপতিত্বে করবেন জেলা জামায়াতের আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ রুহুল আমিন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।