মেহেরপুর অফিস
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে মেহেরপুরে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। একই সঙ্গে ব্যারিকেড স্থাপন, সাউন্ড সিস্টেম বসানো, ব্যানার ও ফেস্টুন টাঙানোসহ সার্বিক আয়োজন শেষ পর্যায়ে পৌঁছেছে।
আজ সোমবার আয়োজিত এ নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তার সঙ্গে কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে আয়োজক কমিটি নিশ্চিত করেছে।
জনসভাস্থল পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আমীর মাওলানা তাজ উদ্দিন খান, জেলা সেক্রেটারি ইকবাল হুসাইন, জেলা ব্যবসায়ী বিভাগের সভাপতি সাইফুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় তারা মাঠের সার্বিক অবস্থা, নিরাপত্তা ও জনসভা পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
জনসভা সফল করতে ইতোমধ্যে জেলার বিভিন্ন উপজেলায় ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। জামায়াত নেতৃবৃন্দ জানান, এ জনসভায় ২৫ থেকে ৩০ হাজার মানুষের সমাগম ঘটবে বলে তারা আশাবাদী।
নেতৃবৃন্দ আরও বলেন, এ জনসভা মেহেরপুরের নির্বাচনী মাঠে জামায়াতে ইসলামীর অবস্থানকে আরও সুসংহত করবে এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে তারা মনে করছেন।
ডা. শফিকুর রহমানের নির্বাচনী জনসভা ঘিরে প্রস্তুত মেহেরপুর



