সরোজগঞ্জে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করলেন সিআইপি সাহিদুজ্জামান টরিক

কুতুবপুর প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় সরোজগঞ্জ বাজার কমিটির আয়োজনে বাজারের ধানের হাট এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী শরীফুজ্জামান শরীফের বড় ভাই সিআইপি সাহিদুজ্জামান টরিক।
সভায় সভাপতিত্ব করেন সরোজগঞ্জ বাজার কমিটির সভাপতি আশাদুল হক। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, সিনিয়র সহসভাপতি এম আর মুকুল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম, সহসভাপতি আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, শংকরচন্দ্র ইউনিয়ন কৃষক দলের সভাপতি রায়হান উদ্দিন, পদ্মবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সারোয়ার হিমু জোয়াদ্দার, কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে সিআইপি সাহিদুজ্জামান টরিক বলেন, আল্লাহর রহমতে আমার ব্যবসা সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে বিস্তৃত। আমি চুয়াডাঙ্গার মানুষের পাশে থাকতে চাই এবং এমন কাজ করতে চাই, যাতে বর্তমান ও আগামী প্রজন্ম উপকৃত হয়।
তিনি আরও বলেন, ব্যবসায়ীদের সৎভাবে ব্যবসা-বাণিজ্য পরিচালনার পাশাপাশি বেশি বেশি দান-খয়রাত করার আহবান জানাই। কেউ যদি কোনো ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে, তাহলে সরাসরি আমাকে জানাবেন—আইনের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়ীরাই পারে সমাজ বদলে দিতে।
তিনি উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, আমার ছোট ভাই শরীফুজ্জামান শরীফ ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আপনারা সবাই ধানের শীষে ভোট দেবেন। বিএনপি সরকার গঠন করলে এবং তিনি এমপি হলে চাঁদামুক্ত, দুর্নীতিমুক্ত ও নেশামুক্ত আধুনিক চুয়াডাঙ্গা গড়ে তোলা হবে।
পরিশেষে উপস্থিত ব্যবসায়ী ও নেতাকর্মীরা প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং ধানের শীষের পক্ষে কাজ করে আধুনিক চুয়াডাঙ্গা গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।