স্টাফ রিপোর্টার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে আলমডাঙ্গা উপজেলার আইলহাস, খাসকররা ও নাগদাহ ইউনিয়নের গ্রামাঞ্চলে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও পথসভা করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান।
গতকাল শুক্রবার বিকেলে তিনি বাজার থেকে বাজারে গণসংযোগ শুরু করেন। বেলা সাড়ে তিনটায় আইলহাস ইউনিয়নের বলেশ্বরপুর বাজার মোড় থেকে গণসংযোগ কার্যক্রম শুরু করেন। এরপর তিনি ঘোলদাড়ি বাজার মোড়, আইলহাস বাজার মোড় ঘুরে খাসকররা ইউনিয়নের তিওরবিলা, খাসকররা বাজার বটতলা মোড় ও রায়সা বাজার মোড়ে পথসভা করেন। নাগদাহ ইউনিয়নের খেজুরতলা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সংক্ষিপ্ত সমাবেশের পর জোড়গাছা বাজার মোড় ও নাগদাহ বাজার মোড়ে গণসংযোগের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
গণসংযোগকালে সাধারণ মানুষ, কৃষক, শ্রমজীবী এবং তরুণদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। বাজারের চায়ের দোকান, রাস্তার মোড় ও স্কুলমাঠে ভোটাধিকার, গণতন্ত্র ও পরিবর্তনের বিষয় নিয়ে আলোচনা ছড়িয়ে পড়ে। ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ভোটারদের কাছে হাতজোড় করে আহ্বান জানান শরীফুজ্জামান।
পথসভায় তিনি বলেন, প্রিয় আলমডাঙ্গাবাসী, আজ আমি কোনো লোভনীয় প্রতিশ্রুতি নিয়ে এসনি। আমি এসেছি আপনাদের হারিয়ে যাওয়া ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে। বিগত বছরগুলোতে আপনারা ভোট দিতে পারেননি, কথা বলতে পারেননি, ন্যায়ের পক্ষে দাঁড়াতে পারেননি। যারা কথা বলেছেন, তাদের ওপর নির্যাতন, মামলা ও হামলা হয়েছে। এই অবস্থার পরিবর্তন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।
তিনি আরও যোগ করেন, বিএনপি ক্ষমতার জন্য নয়, গণতন্ত্রের জন্য রাজনীতি করে। আমরা চাই এমন একটি বাংলাদেশ, যেখানে কৃষক তার ফসলের ন্যায্যমূল্য পাবে, যুবক চাকরির জন্য পথে পথে ঘুরবে না, আর সাধারণ মানুষ পুলিশের ভয়ে কথা বলার স্বাধীনতা হারাবে না। ধানের শীষ এই পরিবর্তনের প্রতীক—এটি শুধু একটি মার্কা নয়, এটি স্বাধীনতা ও অধিকার ফিরে পাওয়ার প্রতিশ্রুতি।
শরীফুজ্জামান বলেন, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। যদি একবার সুযোগ দেন, আমি আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গা-১ আসনের মানুষের কথা জাতীয় সংসদে তুলে ধরব। অন্যায়ের বিরুদ্ধে কথা বলব, ভয় নয়—সত্যের পক্ষে দাঁড়াব। তাই ভয়কে জয় করে, মাথা উঁচু করে ধানের শীষে ভোট দিন।
গণসংযোগে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দার, সাবেক সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সেলিম, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, আইলহাস ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বিশ্বাস, সিনিয়র সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, খাসকররা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক শাহিনুল আলম শাহীন, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন হাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামিম হাসান টুটুল, জেলা ছাত্রদলের সহসভাপতি খন্দকার আরিফ, পৌর ছাত্রদলের আহবায়ক কৌশিক আহমেদ রানা, সদস্যসচিব মাজেদুল আলম মেহেদীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
আলমডাঙ্গায় গণসংযোগে বিএনপির মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ



