মেহেরপুর অফিস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মেহেরপুর-১ আসনে ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি) প্রার্থী ইঞ্জিনিয়ার সোহেল রানা তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর ফলে মেহেরপুর জেলার দুটি সংসদীয় আসনে মোট ৭ জন চূড়ান্ত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন।
মঙ্গলবার বিকেলে এনসিপি প্রার্থীর পক্ষে জেলা এনসিপির দপ্তর সম্পাদক হাসনাত জামান সৈকত-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির-এর কাছে মনোনয়ন প্রত্যাহারের আবেদনপত্র জমা দেন। মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির জানান, নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন গ্রহণ করা হয়েছে।
এদিকে, মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনে চূড়ান্ত প্রার্থীরা হলেন— বিএনপি প্রার্থী মাসুদ অরুন, জামায়াতে ইসলামী প্রার্থী তাজ উদ্দিন খান, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) প্রার্থী অ্যাডভোকেট মিজানুর রহমান।
অন্যদিকে, মেহেরপুর-২ (গাংনী) আসনে চূড়ান্ত প্রার্থীরা হলেন— বিএনপি প্রার্থী আমজাদ হোসেন, জামায়াত প্রার্থী নাজমুল হুদা এবং জাতীয় পার্টির প্রার্থী আব্দুল বাকি। মনোনয়ন প্রত্যাহার শেষে নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



