স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়ন ও চুয়াডাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টায় কালিদাসপুর ইউনিয়নের পাইকপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং রাত ৮টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়া মোড়ে পৃথকভাবে এসব দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান বলেন, আজ আমরা দেশনেত্রী, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় একত্রিত হয়েছি। তিনি কেবল একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক আপসহীন প্রতীক। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার পুরো রাজনৈতিক জীবন জনগণের অধিকার আদায়ের সংগ্রামে নিবেদিত ছিল।
তিনি আরও বলেন, মিথ্যা মামলা, রাজনৈতিক প্রতিহিংসা ও নির্যাতনের মাধ্যমে তাকে দীর্ঘদিন গৃহবন্দি করে রাখা হয়েছিল। তবুও তিনি কখনো আপস করেননি, মাথানত করেননি। তাঁর সেই ত্যাগ ও দৃঢ়তা আজও দেশের গণতন্ত্রকামী মানুষকে অনুপ্রাণিত করে। এ সময় তিনি মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার জান্নাতুল ফেরদৌস কামনা করেন এবং দেশকে পুনরায় গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার তৌফিক কামনা করেন।
কালিদাসপুর ইউনিয়নে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন এলাকার কৃতী সন্তান আলহাজ্ব নাসিরউদ্দিন বিশ্বাস। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিদাসপুর ইউনিয়নের কৃতী সন্তান আতিয়ার রহমান, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু, সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, চুয়াডাঙ্গা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আরিফুজ্জামান আরিফ এবং আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সেলিম।
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব, উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক বোরহান উদ্দিন, কালিদাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আইনাল হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন লালনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
অপরদিকে, চুয়াডাঙ্গা পৌর ৫ নম্বর ওয়ার্ডে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিন মন্ডল। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, সাংগঠনিক সম্পাদক সুজন মালিকসহ জেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান লালের সঞ্চালনায় দোয়া মাহফিল পরিচালনা করেন ইসলামপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবদুল্লাহ।
আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে শরীফুজ্জামান



