চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক আলমগীর কবীরের দায়িত্ব গ্রহণ, জনবান্ধব ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ার অঙ্গীকার

স্টাফ রিপোর্টার:

চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আলমগীর কবীর। গতকাল  মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় বিদায়ী জেলা প্রশাসক লুৎফুন নাহারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নেন তিনি। দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে জেলায় প্রশাসনের নতুন নেতৃত্বের যাত্রা শুরু হলো।

দায়িত্ব গ্রহণের পর চুয়াডাঙ্গাবাসীর উদ্দেশে দেওয়া এক বার্তায় নবাগত জেলা প্রশাসক মো. আলমগীর কবীর বলেন, ঐতিহ্য, সম্ভাবনা ও সমৃদ্ধির জনপদ চুয়াডাঙ্গার মানুষের সঙ্গে নতুন পথচলা শুরু করতে পেরে তিনি আনন্দিত ও গর্বিত। জেলাবাসীর ভালোবাসা, সহযোগিতা ও আন্তরিকতাকে সঙ্গে নিয়ে একটি জনবান্ধব, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী প্রশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চান তিনি।

নতুন জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসনের দরজা সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত থাকবে। সাধারণ মানুষের সমস্যা, প্রত্যাশা ও মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষি ও অর্থনৈতিক সম্ভাবনার বিকাশ এবং নিরাপদ, সুন্দর ও বৈষম্যহীন চুয়াডাঙ্গা গড়ে তোলাকে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি আরও বলেন, প্রশাসন ও জনগণের পারস্পরিক সহযোগিতা, আস্থা এবং অংশগ্রহণের মধ্য দিয়েই একটি সমৃদ্ধ চুয়াডাঙ্গা গড়ে তোলা সম্ভব। এ জন্য জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, পেশাজীবী, ব্যবসায়ী, কৃষক ও তরুণ সমাজসহ জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করেন তিনি।

জেলাবাসীর উদ্দেশে তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টায় চুয়াডাঙ্গাকে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও সম্ভাবনার এক অনন্য জনপদ হিসেবে গড়ে তুলতে চান। চুয়াডাঙ্গাবাসীর পাশে থেকে তাঁদের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন। দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে নতুন প্রশাসনিক অধ্যায়ের সূচনা হওয়ায় নবাগত জেলা প্রশাসকের কাছে জনবান্ধব সেবা, উন্নয়ন কার্যক্রমের গতিশীলতা এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কার্যকর উদ্যোগের প্রত্যাশা করছেন জেলাবাসী।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।