হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপনের সভাপতিত্বে সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন ও বক্তব্য দেন। বক্তাদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আব্দুল মমিন, উপজেলা জামায়াতের আমীর বাবুল হোসাইন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওহেদ জোয়ার্দার, হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ এবং সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন। এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সরকারি দপ্তরের প্রধান, শিক্ষক এবং কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদক ও চুরি-ছিনতাই প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ এবং সড়ক নিরাপত্তা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব সামাজিক ও অপরাধমূলক সমস্যা মোকাবিলায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন বলেন, এলাকায় শান্তি ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও সাংবাদিকসহ সমাজের সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।



