চুয়াডাঙ্গা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত : সাধারণ সভা, আয়-ব্যয়, কল্যাণ তহবিলসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ

স্টাফ রিপোর্টার:


চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং সদস্যদের কল্যাণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন। সভা পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি।

সভায় নির্ধারিত আলোচ্যসূচি অনুযায়ী গত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন এবং আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ও অনুমোদন করা হয়। এছাড়া সাধারণ সভা-২০২৬ আয়োজনের তারিখ নির্ধারণ, কৃষি ব্যাংকে মেয়াদোত্তীর্ণ হিসাবের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং কল্যাণ তহবিল ও অনিয়মিত সদস্যদের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় দাতা সদস্যদের অনুমোদন প্রসঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সঙ্গে প্রেসক্লাবের হলভাড়া, সদস্য চাঁদা ও কল্যাণ তহবিলের অর্থ আদায়ের জন্য রসিদ মুদ্রণের বিষয়েও প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া জেলা পরিষদ থেকে পাওয়া বরাদ্দের অর্থে উন্নয়নকাজ বাস্তবায়নের জন্য পিআইসিসহ উপকমিটি, অনিয়মিত সদস্যদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি উপকমিটি এবং ফ্যামিলি ডে আয়োজনের জন্য পৃথক উপকমিটি গঠন করা হয়।

এছাড়া সভায় বিবিধ বিষয়েও সভায় কার্যনির্বাহী কমিটির সদস্যরা প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন, সাংগঠনিক শৃঙ্খলা, আর্থিক ব্যবস্থাপনা ও সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন।

আলোচনা শেষে প্রেসক্লাবের কার্যক্রম আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও গতিশীল করার লক্ষ্যে প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য রাজীব হাসান কচি ও বিপুল আশরাফ, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হুসাইন মালিক, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জহির রায়হান সোহাগ, দপ্তর সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার, অর্থ সম্পাদক জামান আখতার, প্রচার, প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক মাহফুজ মামুন এবং ক্রীড়া সম্পাদক খায়রুজ্জামান সেতু।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।