মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ও মথুরাপুর বিওপির পৃথক অভিযানে মালিকবিহীন ১৫ লাখ ৬৭ হাজার ৫৫০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ মালামাল উদ্ধার করেছে কুষ্টিয়া ৪৭ বিজিবি। উদ্ধারকৃত মালামালে মধ্যে রয়েছে মদ, ওষুধ, বাজি ও বিড়ি। গতকাল রবিবার ভোরে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।
কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা হাড়াভাঙ্গা মাঠে অভিযান চালায়। এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২০ বোতল অবৈধ মদ ও ৪ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসকল মালামালের আনুমানিক সিজার মূল্য ১২ লাখ ৩০ হাজার টাকা।
অপরদিকে, মথুরাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অপর এক অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৯ বোতল অবৈধ মদ, ৫৪০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৪৬০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ২৩০ পিস চকলেট বাজি ও ৬০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে বিজিবি। এ সকল পণ্যের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৩৭ হাজার ৫৫০ টাকা। বিজিবির পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়ের পূর্বক উদ্ধারকৃত মালামাল গাংনী থানায় জমা দেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য পাচার ও চোরাচালান প্রতিরোধে সর্বদা সতর্ক, সজাগ ও তৎপর রয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার, মাদকদ্রব্য পাচার প্রতিরোধ এবং চোরাচালান নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও অব্যাহত রেখেছে।



