চুয়াডাঙ্গার নিমতলায় জমির পথ নিয়ে বিরোধ, বাড়িঘর ভাঙচুর ও আড়াই লাখ টাকা লুটের অভিযোগ

পদ্মবিলা  প্রতিনিধি:

চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের নিমতলা গ্রামে বাড়ির জমির সীমানা দিয়ে চলাচলের পথ তৈরি করাকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর, নগদ টাকা লুট ও এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। গত বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মৃত নমেদ জোয়ার্দারের ছেলে জালাল জোয়ার্দারের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, নিমতলা গ্রামের জুলমত জোয়ার্দারের সঙ্গে জমিজমা ও বাড়ির সীমানা দিয়ে চলাচলের পথ দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বাড়ি থেকে বের হওয়ার জন্য পথ দেওয়া হলেও প্রতিপক্ষ জোরপূর্বক আরও জমি নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

জুলমত জোয়ার্দারের ছেলে কাওসার (২৬) অভিযোগ করে জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। এ সুযোগে প্রতিপক্ষের লোকজন তাঁদের বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর করে। এ সময় ব্যবসার মালামাল বিক্রির নগদ ২ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পাশাপাশি তাঁর স্ত্রী পপি (২২)-কে মারধর ও ধর্ষণের চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী গৃহবধূ পপি খাতুন জানান, হামলাকারীরা তাঁর গলায় ধারালো হাসুয়া ধরে ভয়ভীতি প্রদর্শন করে। এ সময় জালালের ছেলে জহুরুল তাঁকে ধর্ষণের চেষ্টা করেন বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনায় জালালের স্ত্রী সখেনা বেগম, তাঁর মা জেলে খাতুনসহ কয়েকজন জড়িত ছিলেন বলেও দাবি করেন তিনি।

এদিকে প্রভাবশালীদের ভয়ে থানায় অভিযোগ বা মামলা করতে সাহস পাচ্ছেন না বলে জানিয়েছেন জুলমত জোয়ার্দার। তবে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।