মরহুমা রিজিয়া খাতুন স্মরণে চুয়াডাঙ্গায় বিনামূল্যে ১৫ জনের চোখের ছানি অপারেশন

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গার ইমপ্যাক্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে মরহুমা মোছাঃ রিজিয়া খাতুনের স্মরণে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গার কেদারগঞ্জে অবস্থিত ইমপ্যাক্ট হসপিটালে চোখের ছানি অপারেশন করা হয়। 

মৃত মাসুদ হকের সহধর্মিণী মরহুমা মোছাঃ রিজিয়া খাতুনের স্মরণে আয়োজিত এই ক্যাম্পে ১৫ জন রোগীর চোখের ছানি সফলভাবে অপারেশন করা হয়। এই পুরো চক্ষু ক্যাম্পের যাবতীয় ব্যয়ভার বহন করেন মরহুমার পরিবার। অপারেশন চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন মরহুমার ছেলে ও ইমপ্যাক্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ফাউন্ডার ট্রাস্টি ডা. রেজাউল হক।

আয়োজকরা জানান, আর্থিক অসচ্ছলতার কারণে যারা দীর্ঘদিন ধরে চোখের চিকিৎসা করাতে পারছেন না, তারা এই উদ্যোগের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পেয়েছেন। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের সুস্বাস্থ্য ও সুন্দর জীবনযাপনে সহায়তা করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করে জানান, মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।