কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় বদিয়ার রহমান (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আফ্রিদি হাসান (২৮)। দুর্ঘটনায় ভ্যানটি দুমড়েমুচড়ে গেছে। গতকাল রোববার সকালে মহেশপুর-জীবননগর-কোটচাঁদপুর সড়কের কাটাখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নওদাগ্রাম থেকে যাত্রী নিয়ে মহেশপুরের কাটাখালি এলাকায় যান ভ্যানচালক বদিয়ার রহমান। পরে ভ্যানটি সড়কের পাশে রেখে টাকা ভাঙতি করতে যান তিনি। কাজ শেষে ভ্যানের কাছে ফেরার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল সজোরে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ভ্যানচালক বদিয়ার রহমান ঘটনাস্থলেই মারা যান। নিহত বদিয়ার রহমান মহেশপুর উপজেলার নওদাগ্রাম গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে। আহত মোটরসাইকেল আরোহী আফ্রিদি হাসান কোটচাঁদপুর উপজেলার কাগমারী গ্রামের মোগবুল হোসেনের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল, ভ্যান ও মরদেহ উদ্ধার করে মহেশপুর থানায় নিয়ে যায়। মহেশপুর থানার উপপরিদর্শক (এসআই) টিপু সুলতান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে।



