আলমডাঙ্গায় এশিয়া স্পোর্টিং ক্লাব জুনিয়র সিজন-২ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বনফুল একাদশ চ্যাম্পিয়ন

আলমডাঙ্গা অফিস :
মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস, খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্য আর সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো এশিয়া স্পোর্টিং ক্লাব জুনিয়র সিজন-২ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে ট্রাইব্রেকারে ২-১ গোলে গোবিন্দপুর মণ্ডলপাড়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বনফুল একাদশ। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টায় আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর এমএস জোহা মাঠে গোবিন্দপুর নওদাবন্ডবিল এশিয়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলাকে ঘিরে মাঠজুড়ে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। দুই দলের খেলোয়াড়রাও নিজেদের সেরাটা তুলে ধরতে প্রাণপণ চেষ্টা করেন। নির্ধারিত সময়ের খেলা শেষে ট্রাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানে স্নায়ুচাপ সামলে ২-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে বনফুল একাদশ। বিজয়ের আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন দলের খেলোয়াড় ও সমর্থকরা।

এশিয়া স্পোর্টিং ক্লাবের সভাপতি শরীফুল ইসলাম শাখার সভাপতিত্বে ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীনুর আক্তার। এসময় তিনি বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। তাই তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দার, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মামুনুর রশীদ মন্ডল, আলমডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম নান্নু, শিক্ষক সাইফুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক রাকিব মাহমুদ, জামায়াতে ইসলামীর আলমডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সভাপতি মাসুম বিল্লাল ও সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম জিহাদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক উজ্জামান এবং ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি উজ্জ্বল আলী। টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন করতে সার্বিক সহযোগিতা করেন মুজাহিদ, রকি, নাহিদ, নাইম, সাইফুল ও নাইম। খেলা পরিচালনায় রেফারির দায়িত্ব পালন করেন রুহুল, আরাফাত, রবিন, সৌরভ ও সোহাগ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।