আলমডাঙ্গার খেজুরতলায় হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ‘গাদন’ খেলার জমকালো ফাইনাল খেলায় জামাল সীড চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গার খেজুরতলায় হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ‘গাদন’ খেলার জমকালো ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে পারদুর্গাপুরকে ৪-১ গাদনের বিশাল ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খেজুরতলা জামাল সীডের উজ্জ্বল হোসেনের দল। গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় খেজুরতলা বাজারসংলগ্ন দক্ষিণপাড়া ঈদগাহ মাঠে এই মেগা ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

আধুনিকতার ছোঁয়ায় ও প্রযুক্তির ভিড়ে গ্রামবাংলার অনেক ঐতিহ্যবাহী খেলাধুলা যখন প্রায় বিলুপ্তির পথে, ঠিক তখনই হারানো সেই গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে ফিরিয়ে আনতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নাগদাহ ইউনিয়নের খেজুরতলা দক্ষিণপাড়ার যুবসমাজ। তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে এবং সুস্থ বিনোদনের আলো ছড়াতে ১৬টি দলের অংশগ্রহণে মাসব্যাপী আয়োজিত ঐতিহ্যবাহী দাঁড়িয়াবান্ধা (গাদন) খেলার টুর্নামেন্ট গতকাল মঙ্গলবার এক জমকালো ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে সফলভাবে সমাপ্ত হয়েছে।

দমঙ্গলবার বিকেল ৩টায় খেজুরতলা বাজারসংলগ্ন দক্ষিণপাড়া ঈদগাহ মাঠে এই মেগা ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। গ্রামীণ এই ঐতিহ্যবাহী খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক উৎসবের আমেজ তৈরি হয়। খেলাটি উপভোগ করতে মাঠের চারপাশে ভিড় জমান হাজারো নারী, পুরুষ ও উৎসুক জনতা। মাঠের কানায় কানায় দর্শক পূর্ণ হওয়ায় অনেককে গাছের ডালে ঝুলে চরম উত্তেজনাপূর্ণ এই ম্যাচ উপভোগ করতে দেখা যায়।
জমকালো এ ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় খেজুরতলা জামাল সীড ক্লাব পারদুর্গাপুরের সলেমান ক্লাব । টানটান উত্তেজনার এই ম্যাচে চোখধাঁধানো নৈপুণ্য প্রদর্শন করে পারদুর্গাপুরকে ৪-১ গাদনের বিশাল ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খেজুরতলা জামাল সীডের উজ্জ্বল হোসেনের দল।
খেলা শেষে গ্রামীণ ঐতিহ্যের সাথে মিল রেখে এক ভিন্নধর্মী ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয় দলগুলোর হাতে। চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে একটি ‘ছাগল’ এবং রানার্সআপ দলকে একটি ‘ভেড়া’ প্রদান করা হয়। টুর্নামেন্টের সার্বিক ধারাভাষ্য প্রদান করেন ধারাভাষ্যকার হেলাল হোসেন।

খেলা শেষে আয়োজক কমিটির সভাপতি ও নাগদাহ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইমাদুল হক একদুল মেম্বারের সভাপতিত্বে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাগদাহ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাসান আলীর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আলমডাঙ্গা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের দপ্তর সম্পাদক মামুনুর রশিদ টনিক, নাগদাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আওয়ালুজ্জামান রাসেল, মোস্তাফিজুর রহমান লিটু মাস্টার, যুবদল নেতা জুয়েল, বিএনপি নেতা আব্দুর রশিদ এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাইনুল ইসলাম সিয়াম।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মহাবুল, ইউনুস, ঠান্ডু, ইউপি সদস্য রফি উদ্দিন মেম্বার, ডা. ওহিমদ্দিন, শাহিন মেম্বার, প্রবাসী হারুনসহ খেজুরতলা দক্ষিণপাড়ার যুবসমাজের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।