কোটচাঁদপুর প্রতিনিধি
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও যুব উদ্যোক্তাদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর-মহেশপুর আসনের মাননীয় সংসদ সদস্য মতিয়ার রহমান।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামছুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের আমির আজিজুর রহমান, পৌর জামায়াতের আমির আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম এবং এনসিপির আহ্বায়ক হৃদয় আহমেদ। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাভুক্ত বিভিন্ন প্রকল্পের উদ্যোক্তা, নারীদের নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থার প্রতিনিধি, প্রশিক্ষণার্থী, সুবিধাভোগী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে যুবকদের কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে এগিয়ে আসতে হবে। যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে পারলে দেশ আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
অনুষ্ঠান শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন গাভী পালন, গরু মোটাতাজাকরণ, মৎস্য চাষ, সেলাই মেশিন প্রশিক্ষণ এবং হাঁস-মুরগি পালনের জন্য উপকারভোগীদের মাঝে মোট ৩ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। দক্ষ যুবসমাজ গঠন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করার মধ্য দিয়ে জাতীয় যুব দিবসের আয়োজন শেষ হয়।



