স্টাফ রিপোর্টার
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধার্থে পাচঁটি রেলপথে ট্রেন চালুর তিন দফা দাবি তুলে ধরে স্মারকলিপি প্রদান করেছে লোকমোর্চা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের মাধ্যমে রেল মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এসময় লোকমোর্চার লক্ষ্য ও কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত কথা বলেন সদর উপজেলা লোকমোর্চার সভাপতি অ্যাড. মানিক আকবর। স্মারকলিপিতে তিন দফা দাবি তুলে ধরে বলা হয়েছে, দর্শনা জংশন-রাজশাহী দর্শনা জংশন-কুষ্টিয়া-ঢাকা-দর্শনা-যমুনা সেতু-ঢাকা- পোড়াদহ জংশন-নড়াইল-ঢাকা এবং পোড়াদহ জংশন-খুলনার পাঁচটি রুটে নিয়মিত যাত্রীবাহী ট্রেন চালু করতে হবে। যাত্রীদের বাস্তব প্রয়োজন বিবেচনায় সময়সূচি নির্ধারণ করা অত্যন্ত জরুরী। সে জন্য সকালে এমন সময়ে ট্রেন ছাড়তে হবে, যাতে যাত্রীরা নির্ধারিত সময়ে অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও অন্যান্য কর্মস্থলে পৌঁছাতে পারেন। বিকেল বা সন্ধ্যায় অফিস শেষে ফেরার উপযোগী ফিরতি ট্রেনের ব্যবস্থা করতে হবে। সম্ভব হলে একই দিনে যাওয়া ও ফিরে আসার সুযোগ নিশ্চিত করতে হবে। যাত্রী চাহিদা, রেলপথের সক্ষমতা, বিদ্যমান ট্রেনের সময়সূচি ও পরিচালনাগত সম্ভাব্যতা যাচাই করে দ্রুত বাস্তবায়নযোগ্য পরিকল্পনা গ্রহণ করতে হবে।
সংগঠনটি জানায়, উপযুক্ত সময়সূচিতে যাত্রীবাহী ট্রেন চালু করা হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াতের দুর্ভোগ কমবে। কর্মঘণ্টার সাশ্রয় হবে, সড়কপথের ওপর চাপ কমাতে সহায়তা করবে এবং আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ন্যায্য জনদাবির প্রতি সম্মান জানিয়ে উল্লিখিত পাঁচটি রুটে যাত্রীবাহী ট্রেন চালু, সম্ভাব্যতা যাচাই এবং অফিস সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সময়সূচি প্রণয়নে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান লোকমোর্চা।
স্মারকলিপি গ্রহণ শেষে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, লোকমোর্চার এই দাবিগুলো যথাযথ বিবেচনায় নিয়ে রেলমন্ত্রণালয়ে পাঠানো হবে। লোকমোর্চার এই দাবিগুলো কিভাবে বাস্তবায়ন করা যায়, সেব্যাপারে সহযোগীতা থাকার আশ^াস দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার সহ-সভাপতি তানজিলা মিনি, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, সদর উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক পারভীন লায়লা, সহ-সাধারণ সম্পাদক আশরাফ বিশ্বাস মিল্টু, নির্বাহী সদস্য শেখ লিটন, দামুড়হুদা লোকমোর্চার সভাপতি প্রফেসর কামাল উদ্দিন, দর্শনা থানা লোকমোর্চার যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন লিটন, সদস্য পারভিন আক্তার, জীবননগর উপজেলা লোকমোর্চার নির্বাহী সদস্য শাহনাজ খানম, ওয়েভ ফাউন্ডেশন লোকমোর্চা প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল আলীম সজল।



