স্টাফ রিপোর্টার
‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়ে কোট মোড় প্রদক্ষিন করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে ডিসি সাহিত্য মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমি চুয়াডাঙ্গার যৌথ আয়োজনে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক পৌর প্রশাসক শারমীন আক্তার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম তারিক উজ জামান।
এসময় স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক তাইজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে শারমিন আক্তার বলেন, আমরা সকলেই জানি যে আমাদের এই ধরনের দিবস আয়োজন করা হয় মূলত কন্যা শিশুদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তারা যেন সমান অধিকার নিয়ে, নিরাপদভাবে বেড়ে উঠতে পারে সেই সুবিধা নিশ্চিত করার জন্য। এখনো বাল্যবিবাহ, শিশু নির্যাতন বা কন্যা শিশুদের উপরে বিভিন্ন ধরনের সহিংহতা এখনো আমাদের সমাজে বিদ্যমান। সহিংহতা রোধ করার ক্ষেত্রে আমরা সকলেই যেন সচেতন হই, সকলে অঙ্গিকারবদ্ধ হই, সেজন্যই কিন্তু এই সকল দিবসের উৎপত্তি।
তিনি আরও বলেন,আজকের কন্যা শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের অপার সম্ভাবনাময় নাগরিক। যারা আমাদের দেশকে নেতৃত্ব দিবে, সেই নাগরীকদেরকে আমরা যদি সুসন্তান হিসেবে, সুনাগরিক হিসেবে এবং বিশ্ব পরিমণ্ডলে এর সাথে প্রতিযোগিতা দিয়ে আমরা তাদেরকে গড়ে তুলতে চাই, তাহলে তাদের শিক্ষা, সংস্কৃতি, সুস্বাস্থ্য, নেতৃত্ব বিকাশের গুণাবলীসহ তাদেরকে নিরাপদভাবে সামনে এগিয়ে যাওয়ার জন্য যে পরিবেশ সেই পরিবেশটা তৈরি করতে হবে।
এখনো কিন্তু আমরা আমাদের নারীরা রাত আটটার পরে নির্বিঘ্নে বের হওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের প্রতিবন্ধকতা, অনেক চিন্তা ভাবনা করে কিন্তু বের হই। আমরা একজন অভিভাবক ছাড়া কিন্তু আমরা আমাদের কন্যা শিশুদেরকে আমরা কিন্তু রাতের পরে বাইরে বের হওয়ার সেই সুযোগ এখনো আমরা আমাদের কন্যাদের জন্য নিশ্চিত করতে পারিনি। এই সুযোগ তখনই নিশ্চিত হবে যখন আমাদের সকলে আমরা শুধু রাষ্ট্র, সমাজ, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান শুধু এরকম না, আমাদের প্রত্যেকটা নাগরিকের জায়গা থেকে আমরা যখন কাজ করতে পারবো, তখন আমাদের কন্যা শিশুরা এই যে নিরাপদে, সমান অধিকার নিয়ে বেড়ে ওঠার একটা প্রয়াস পাবে।
এ সময় সভায়, শিশু বিষয়ক কর্মকর্তা নজরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি সহ এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে কন্যাশিশুর অধিকার, সুরক্ষা ও উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পায়।



