স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলার পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা, মজুদ ও বিপণনে শৃঙ্খলা নিশ্চিত করা এবং কৃত্রিম সংকট ও কালোবাজারি প্রতিরোধে পেট্রোল পাম্প মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার।
সভায় জেলার পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের বর্তমান মজুদ পরিস্থিতি, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা, পরিবহন ও বিপণনে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের কাছে নির্বিঘ্নে জ্বালানি তেল পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুদ, কালোবাজারি, অতিরিক্ত দামে বিক্রি এবং বিপণনে যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে পেট্রোল পাম্প মালিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি, মজুদ ও বিক্রির সঠিক হিসাব সংরক্ষণ এবং সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশ সুপার আরও বলেন, জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জেলা পুলিশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা দেবে। জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের অনিয়ম, অবৈধ মজুদ কিংবা কালোবাজারির তথ্য পাওয়া গেলে তা প্রতিরোধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় পেট্রোল পাম্প মালিক সমিতির নেতৃবৃন্দ জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন এবং বিভিন্ন সমস্যার কথা জানান। এ সময় পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং জনসাধারণের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট সবাইকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সভায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং চুয়াডাঙ্গা পেট্রোল পাম্প মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



