লালন সাঁইজির তিরোধান দিবস পালনে চুয়াডাঙ্গায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

মর্মী সাধক ও বাউল সম্রাট লালন সাঁইজির তিরোধান দিবস জাতীয়ভাবে উদ্‌যাপনের লক্ষ্যে চুয়াডাঙ্গায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ​বৃহস্পতিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার।

​সভায় জানানো হয়, লালন সাঁইজির তিরোধান দিবস উদ্‌যাপন উপলক্ষে আগামী ১৬ অক্টোবর এক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হবে। এরপরের দিন ১৭ অক্টোবর চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে লালন সাঁইজির স্মরণে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

​সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, বাউল সম্রাট লালন সাঁইজি আমাদের লোকসংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার অন্যতম প্রতীক। তাঁর জীবনদর্শন, গান ও মানবতাবাদী বাণী তরুণ প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। জাতীয় পর্যায়ে এই দিবসটি যথাযথ মর্যাদায় উদ্‌যাপনের জন্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমি আশা করি, আগামী ১৬ ও ১৭ অক্টোবরের প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সর্বস্তরের সংস্কৃতিপ্রেমী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন।

তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে উজ্জীবিত করার লক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং লালন সাঁইজির মত মহামানবদের গুরুত্বের সঙ্গে দেখছেন। জাতীয়ভাবে লালন সাঁইজির তিরোধান দিবসটি উদযাপিত করার লক্ষ্যে চুয়াডাঙ্গার সকল বাউল সুফি সাধকদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিক উজ জামান, সহকারি কমিশনার এস.এম আব্দুর রউফ শিবলু, জেলা কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন, জেলা জেসাসের সভাপতি শহিদুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, কণ্ঠশিল্পী হিরন উর রশিদ শান্ত, নুসরাত জাহান করবী সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বাউল শিল্পীরা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।