স্টাফ রিপোর্টার
দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক হাজী খন্দকার শওকত আলী (৬৮) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৫ টায় দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ায় নিজ বাড়িতে স্ট্রোকজনিত কারণে তিনি মারা যান বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তার আকস্মিক মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে দর্শনা পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার বাড়িতে ছুটে যান। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
দর্শনা পৌর বিএনপির রাজনীতিতে হাজী খন্দকার শওকত আলীর দীর্ঘ পথচলা ছিল। ১৯৯৭ সালে বিএনপিতে যোগদানের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে সক্রিয় হন। ওই বছর অনুষ্ঠিত সম্মেলনে তিনি দর্শনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে আরো একবার তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
এরপর দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি দলকে তৃণমূল পর্যায়ে সংগঠিত করতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করেন। ২০০৮ সালের পর গঠিত কমিটিতে তিনি দর্শনা পৌর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। অর্থাৎ দর্শনা পৌর বিএনপির নেতৃত্বে তিনি একবার সভাপতি ও দুইবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
দর্শনা পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধীরে ধীরে দলীয় সংগঠনকে শক্তিশালী করার কাজে যুক্ত ছিলেন তিনি। বিভিন্ন সময় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা, দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ এবং তৃণমূলের নেতাকর্মীদের সংগঠিত করার মাধ্যমে দর্শনা পৌর বিএনপির সাংগঠনিক কার্যক্রমে ভূমিকা রাখেন। পাশাপাশি জেলা বিএনপির কোষাধ্যক্ষ এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
রাজনীতির পাশাপাশি ব্যবসায়ী সংগঠনেও নেতৃত্ব দিয়েছেন হাজী খন্দকার শওকত আলী। তিনি দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন এবং একাধিকবার সংগঠনটির নেতৃত্ব দেন। তার মৃত্যুতে রেলবাজার দোকান মালিক সমিতির পক্ষ থেকে অর্ধবেলা দোকানপাট বন্ধ রেখে শোক প্রকাশ করা হয়। এছাড়াও তিনি সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছিলেন।
তার মৃত্যুতে বিজিএমইএর প্রেসিডেন্ট ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ শোক প্রকাশ করেছেন।
জানাজায় জেলা যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান বুলা, জেলা যুবদলের সদস্য সচিব মো: ঝন্টু দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত, দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য হাবিবুর রহমান বুলেট, এনামুল হক শাহ মুকুল, মশিউর রহমান, মাহাবুবুল আলম খোকন, মহিদুল ইসলাম, নাহারুল ইসলাম মাস্টার, শরিফ উদ্দিন, নাসির উদ্দিন খেদুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া চুয়াডাঙ্গা জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিঠু, দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দীন লিটন, দর্শনা পৌর যুবদলের আহ্বায়ক ফারুক হোসেনসহ থানা ও পৌর যুবদল-ছাত্রদলের নেতাকর্মী এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জানাজায় অংশ নেন।
হাজী খন্দকার শওকত আলীর মৃত্যুতে দর্শনা পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, রেলবাজার দোকান মালিক সমিতিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।



