নজরুল বর্ষে জীবননগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরনী

জীবননগর অফিস

জীবননগর অফিস

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে চুয়াডাঙ্গার জীবননগরে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে নৃত্য, গান, কবিতা আবৃত্তি, গজল ও চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেয়।
প্রতিযোগিতায় নৃত্যে প্রথম স্থান অর্জন করে জীবননগর থানা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তারিন আফরিন। সে সাংবাদিক মোঃ তারিকুর রহমান ও সিনিয়র স্টাফ নার্স তাহমিনা খাতুনের কন্যা।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার ‘ক’ গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছে জান্নাতুল মাওয়া। সে শিক্ষক জহির রায়হান ও লিয়ানা জেসমিনের কন্যা।
অন্যদিকে, জীবননগর সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী নন্দিনী বসাক প্রাপ্তি তিনটি বিষয়ে অংশ নিয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। নাচ, গান ও আবৃত্তিতে অংশ নিয়ে সে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে। নন্দিনী বসাকের বাবা গৌরাঙ্গ বসাক এবং মা লিপি রানী দত্ত।
পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি। অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, সমাজসেবক শাহাজন মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশের পাশাপাশি নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।