স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলার নবাগত পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার। মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও অপরাধ দমনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার মাদক ও চোরাচালান প্রতিরোধ, সড়ক-মহাসড়কে সিন্ডিকেট ও চাঁদাবাজি দমন, ফুটপাত দখলমুক্তকরণ, যানজট নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে পুলিশি কার্যক্রম আরও গতিশীল করার কথা জানান। তিনি চুয়াডাঙ্গায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে মাদকের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান। এ ছাড়া বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধ, অনলাইন জুয়া, সাইবার বুলিং এবং কিশোর গ্যাং নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মতবিনিময়কালে সাংবাদিকরা মাদকের বিস্তার রোধ, শহরের যানজট নিরসন এবং স্পর্শকাতর এলাকায় পুলিশি টহল জোরদারের দাবি জানান। পাশাপাশি অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল, ফেসবুক পেজ ও গ্রুপের মাধ্যমে অপপ্রচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
পুলিশ সুপার গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বলেন, পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করলে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। সভাটি সঞ্চালনা করেন সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ।
এ সময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি, দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিপুল আশরাফ, সিনিয়র সাংবাদিক মানিক আকবর, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি ফাইজার চৌধুরী, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি হুসাইন মালিক, নাগরিক টিভির জেলা প্রতিনিধি শামসুজ্জোহা পলাশ, ডিআইও-১ পরিদর্শক কামরুজ্জামান প্রমুখ।
উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির সহ-সভাপতি ও বিজয় টিভির জেলা প্রতিনিধি মোঃ পলাশ উদ্দীন, ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার কামরুজ্জামান সেলিম, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার জিসান আহমেদ, , দৈনিক মাথাভাঙ্গার শিফট ইনচার্জ আলম আশরাফ, দৈনিক আজকের চুয়াডাঙ্গার স্টাফ রিপোর্টার মুন্না রহমান, দৈনিক মাথাভাঙ্গার স্টাফ রিপোর্টার আবদুল্লাহ হক, নাসির জোয়ার্দ্দার প্রমুখ।
প্রসংগত: গত সোমবার দুপুরে মেহেদী শাহরিয়ার চুয়াডাঙ্গা পুলিশ সুপার হিসাবে যোগদান করেন।
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়



