আলমডাঙ্গার সাহিত্যাঙ্গনে বহুমুখী প্রতিভাবান সাহিত্যিক আনোয়ার রশীদ সাগর

খন্দকার শাহ আলম মন্টু, আলমডাঙ্গা
শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও সাহিত্যচর্চাকেই জীবনের অন্যতম প্রধান সাধনা হিসেবে বেছে নিয়েছেন আনোয়ার রশীদ সাগর। কবিতা, গল্প, উপন্যাস, গবেষণা ও সাংবাদিকতার পাশাপাশি সাহিত্য সংগঠন এবং বক্তৃতাতেও রয়েছে তাঁর সক্রিয় পদচারণা। দীর্ঘ সাহিত্যজীবনে নানা বিষয়ে লেখালেখির মধ্য দিয়ে তিনি আলমডাঙ্গার সাহিত্যাঙ্গনে নিজস্ব অবস্থান তৈরি করেছেন।
আনোয়ার রশীদ সাগরের প্রকাশিত গ্রন্থের তালিকাও বেশ সমৃদ্ধ। তাঁর উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে—‘পাখি এক অষ্টাদশীর নাম’, ‘স্রোতের কালো চোখ’, ‘স্বপ্ন জলে জ্যোৎস্না’ ও ‘খোলাচুলে বনলতা’। গল্পগ্রন্থের মধ্যে রয়েছে ‘বিচ্ছিন্ন হতাশা’, ‘নোম্যান্স ল্যান্ড’, ‘নাচো তুমি ঢেউবুকে’ ও ‘সূর্যাস্তের দ্বিতীয় পর্ব’।
এ ছাড়া ‘না যাব না’, ‘ও মেঘ ও নারী’সহ প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি কাব্যগ্রন্থ। গবেষণাধর্মী লেখালেখিতেও তাঁর রয়েছে উল্লেখযোগ্য অবদান। ‘আলমডাঙ্গার রাজনীতি’ ও ‘মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস’ তাঁর গবেষণাধর্মী গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য।
তাঁর লেখায় উঠে এসেছে সমাজ, ইতিহাস-ঐতিহ্য, রাজনীতি, প্রেম-বিরহ ও সমকালীন জীবনের নানা অনুষঙ্গ। সহজ-সাবলীল ভাষায় গভীর ও বৈচিত্র্যময় বিষয়কে পাঠকের সামনে তুলে ধরার প্রয়াস তাঁর লেখার অন্যতম বৈশিষ্ট্য। আর এ কারণেই আলমডাঙ্গার সাহিত্যাঙ্গনে তিনি একজন বহুমুখী প্রতিভাবান সাহিত্যিক হিসেবে পরিচিতি পেয়েছেন।
দীর্ঘ কর্মজীবনে স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন আনোয়ার রশীদ সাগর। কর্মজীবনের অবসান শেষে বর্তমানে আলমডাঙ্গা শহরে বসবাস করছেন তিনি। তবে অবসর জীবনেও থেমে নেই তাঁর সাহিত্যচর্চা। নিয়মিত বই পড়ার পাশাপাশি লেখালেখিতেও সক্রিয় রয়েছেন।
সাহিত্যচর্চার দীর্ঘ পথচলায় আনোয়ার রশীদ সাগরের অবদান আলমডাঙ্গার স্থানীয় সাহিত্যাঙ্গনকে সমৃদ্ধ করেছে। তাঁর লেখালেখি ও সাহিত্যসাধনা নতুন প্রজন্মের লেখক ও পাঠকদেরও অনুপ্রাণিত করছে। বয়সের ভারে কর্মজীবন থেমে গেলেও সাহিত্যচর্চার প্রতি তাঁর আগ্রহ ও দায়বদ্ধতা এখনো অটুট।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।