মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনীতে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী এক শিশুকে বলাৎকারের অভিযোগে জুয়েল (১৯) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার দিবাগত রাত ১২টার দিকে অভিযুক্তের নানী বাড়ি উপজেলার গাড়াডোব গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়েল গাংনী পৌরসভাধীন চৌগাছা গ্রামের পশ্চিমপাড়ার হাসেম আলীর ছেলে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ও একই এলাকার বাসিন্দা।
গাংনী থানা সুত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর শনিবার দুপুরে স্কুল বন্ধ থাকায় শিশুটি নিজ গ্রামের ভিটাপাড়ার প্রথম পুলের কাছে মাছ ধরা দেখতে যায়। এসময় পূর্ব পরিচিত জুয়েল বলাৎকারের শিকার শিশুটিকে মাছ দেওয়ার প্রলোভনে আমবাগানে নিয়ে যায়। আমবাগানে নেওয়ার পর অভিযুক্ত ব্যক্তি শিশুটির মুখ চেপে ধরে যৌন নিপীড়ন চালায়। একপর্যায়ে শিশুটি ব্যাথা ও যন্ত্রণায় চিৎকার করলে অভিযুক্ত তাকে ছেড়ে দেয়। কিন্তু উক্ত ঘটনাটি কাউকে জানালে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেয়।
মামলার এজাহার অনুযায়ী, ঘটনার পর শিশুটি ভয়ে বিষয়টি পরিবারের সদস্যদের কাছে তাৎক্ষণিকভাবে জানায়নি। পরদিন সকালে শারীরিকভাবে অসুস্থ ও ব্যথার কারণে শিশুটি কান্নাকাটি করায় পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে সে পরিবারের সদস্যদের কাছে ঘটনার কথা জানায় বলে বাদীর অভিযোগ। পরে শিশুটিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে অভিযুক্ত জুয়েলের বিরুদ্ধে গাংনী থানায় মামলা করেন।
গাংনী থানা পুলিশ জানায়, মামলার পর অভিযান চালিয়ে রোববার ২০ সেপ্টেম্বর রাত ১১টা ৫০ মিনিটে গাংনী উপজেলার গাড়াডোব এলাকায় অভিযুক্তের নানার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, ১২ বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে তার পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। মামলার পর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে তার নানী বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি তদন্ত করে তথ্য ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গাংনীতে শিশু বলাৎকারের ঘটনায় অভিযুক্ত কিশোর গ্রেফতার



